কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও, খাসেরহাট, সূর্যমনি চ্যানেল ও কাচিকাটা চ্যানেলে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযান শেষে বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে জব্দকৃত ড্রেজারগুলো স্থানীয় ইউপি সদস্য নূর ইসলামের জিম্মায় রাখা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

