আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টায় আলফাডাঙ্গা হাসপাতাল রোডস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা শাখার আমির মাওলানা মো. কামাল আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আলহাজ এস. এম. হাফিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এস. এম. রিদওয়ানুন্নবী রেদওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইলিয়াস মোল্লা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব। তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন। উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি গঠনমূলক সমালোচনাও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আলফাডাঙ্গার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সাংবাদিকদের ইতিবাচক পরামর্শ ও সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, স্থানীয় উন্নয়ন, সরকারি সেবার মান এবং সাংবাদিকতা পেশার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। জবাবে সংসদ সদস্য জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় আলফাডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

