ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশিরকুন্ডু গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মামার লাঠির আঘাতে আবু বকর (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আবু বকর ওই গ্রামের আলী আকবরের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক জানান, আবু বকরের সঙ্গে তার মামা সিরু মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত মঙ্গলবার (৩০ জুন) রাতে বিরোধপূর্ণ জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সিরু মিয়া লাঠি দিয়ে আবু বকরের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। মামলা হলে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

