কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামে লাজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে লাজিনা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত লাজিনা আক্তার উপজেলার পিরোলী গ্রামের খানকাহপাড়া এলাকার মোজাম মল্লিকের মেয়ে।
স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, লাজিনাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। ঘটনার পর স্বামী আব্দুর রহমান শেখসহ শ্বশুরবাড়ির সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের সন্দেহ আরও জোরালো হয়েছে।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

