শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
“সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” এবং “একটি ফুটবল, একটি পৃথিবী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে টাইব্রেকারে রাজবাড়ী জেলা দলকে হারিয়ে জয় পেয়েছে বরিশাল জেলা মহিলা দল।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের গোয়ালন্দ উপজেলা ও পৌর শাখার আয়োজনে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দল ২-২ গোলে সমতায় থাকায় ফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বরিশাল জেলা মহিলা দল জয় নিশ্চিত করে। বিজয়ী দলের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় স্বর্ণা অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রোস্তম মোল্লা এবং গোয়ালন্দ উপজেলার সাবেক ফুটবলার মো. শামীম মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক রেজাউল করিম মৃধা মুক্তার, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি এরশাদ মণ্ডল, সাধারণ সম্পাদক আলী আকবর সরদার, পৌর শাখার সভাপতি রোমান মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ম্যাচ পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমির কোচ নিত্যানন্দ নন্দী। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন সুলতান মাহমুদ সবুজ ও মো. নিজাম মোল্লা। ধারাভাষ্য দেন শিক্ষক শফিক মণ্ডল।
খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা স্মারক হিসেবে এক সেট করে জার্সি প্রদান করা হয়। জমজমাট এ ম্যাচ উপভোগ করতে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে শত শত দর্শকের সমাগম ঘটে।

