শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে মাদকের বিস্তার রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শুক্রবার (৩ জুলাই) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানি পাড়া ও উজানচর ১ নম্বর ওয়ার্ডের কছিমদ্দিন পাড়ার মধ্যবর্তী সিরাজ মার্কেট চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন” লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় যুবক সাদ্দাম হোসেন শিপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও স্থানীয় বাসিন্দা নাজিরুল ইসলাম তিতাস, শিপন শেখ, শাহিন খান, মতিন মণ্ডল, হিরো শেখ, আজিজুল শেখ, আবির সরদার, অপু কুমার ঘোষ, রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কর্মসূচিতে এলাকার শতাধিক মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, এলাকায় আগের যেকোনো সময়ের তুলনায় মাদকের বেচাকেনা বেড়েছে। বিভিন্ন ধরনের মাদকদ্রব্য প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এতে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং মাদককে কেন্দ্র করে নানা ধরনের অপরাধও বৃদ্ধি পাচ্ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বললে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানান বক্তারা।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি নির্মূলে শুধু পুলিশের উদ্যোগই যথেষ্ট নয়, অভিভাবক ও সমাজের সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে। সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের নজর রাখতে হবে। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”
তিনি মাদকবিরোধী এ উদ্যোগ নেওয়ায় স্থানীয় যুব সমাজকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

