Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রেজিস্ট্রার জেনারেল

ফরিদপুর প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

শোষণের ঝুঁকিতে থাকা প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করা তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেছেন জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।

শনিবার (৪ জুলাই) সকালে ফরিদপুর পৌরসভার হলরুমে দ্য ফ্রিডম ফান্ডের সহযোগিতায় এবং শাপলা মহিলা সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ‘শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি শিশুর জন্মসনদ তার রাষ্ট্রীয় পরিচয়ের ভিত্তি। বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীতে বেড়ে ওঠা শিশুদের শিশুশ্রম, বাল্যবিয়ে, মানবপাচারসহ নানা ঝুঁকি থেকে সুরক্ষা দিতে জন্ম নিবন্ধনের কোনো বিকল্প নেই। জন্ম নিবন্ধনের মাধ্যমে তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার নিশ্চিত করতে পারে।

ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত অনেক শিশুর জন্ম নিবন্ধন জটিলতায় আটকে ছিল। বিশেষ করে যৌনপল্লীতে পিতৃপরিচয়হীন শিশুদের জন্ম নিবন্ধন একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে সরকার এসব শিশুর অধিকার নিশ্চিত করতে মায়ের নাম ও মর্যাদাপূর্ণ এলাকার ঠিকানা ব্যবহার করে জন্ম নিবন্ধনের প্রক্রিয়া সহজ করেছে। এর ফলে ফরিদপুরে ৪০ জন শিশুর জন্মসনদ প্রদান সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, জন্ম নিবন্ধন না থাকলে শিশুরা পরিচয় সংকটে পড়ে এবং সমাজের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। তাই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে।

শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের ফরিদপুরের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।

কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় ফরিদপুরের দুটি যৌনপল্লীর প্রথম পর্যায়ে ৪৬ জন শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। পরে আরও ১০ জনের জন্ম নিবন্ধন করা হয়েছে এবং আরও আটটি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

আয়োজকরা জানান, কর্মশালার উদ্দেশ্য ছিল প্রান্তিক নারী ও শিশুদের আইনি পরিচয় নিশ্চিত করতে জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করা, মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করা।

অনুষ্ঠান শেষে অতিথিরা সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের হাতে জন্মসনদের কপি তুলে দেন। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।