রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শনিবার (৪ জুলাই) খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রকল্প এলাকার বিভিন্ন অবকাঠামো ও চলমান উন্নয়নকাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি প্রকল্পের প্রধান সড়ক, চারটি সুইচগেট, প্রকল্প এলাকার ম্যাপ এবং রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন ব্রিজ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, সম্ভাব্য সুফল এবং বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত ‘শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (তৃতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন সভায় অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব। সভায় প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে তিনি খুলনা সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব সিরাজুন নূর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. আরমান হোসেনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

