নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
শনিবার (৪ জুলাই) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা দ্রুত, সহজ ও কার্যকরভাবে পৌঁছে দিতে সব সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মান বাড়াতে কর্মকর্তাদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহীনা নাজনীন।
মতবিনিময় সভায় নান্দাইল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

