দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দেবরের লাঠির আঘাতে ভাবী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির জমির ভাগ-বণ্টন নিয়ে শেরপুর গ্রামের জহুরুল আলমের স্ত্রী মোছা. জেসমিন আক্তার (৩০) এবং তাঁর দেবর রমজান আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৮)-এর মধ্যে নিজ বাড়ির আঙিনায় কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে জেসমিন আক্তারের মাথায় আঘাত করেন।
আঘাতে জেসমিন আক্তার মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহত জেসমিন আক্তার দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

