বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা সহজ করতে সোলার প্যানেল কার্যক্রম ও নতুন অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়েছে। একই দিনে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিরও উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (৪ জুলাই) দুপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল কার্যক্রম ও অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
একই দিন উপজেলার লাউচাপড়া বিনোদন কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে ধানুয়া কামালপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের মাঝে আয়বর্ধক সেলাই মেশিন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল, আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে টর্চলাইট ও ছাতা এবং কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়া ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

