জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় অসহায় ও অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে ৩০ জনের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় কালাই বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ‘ব্যালেন্স উইদাউট কমপ্রোমাইজ’ স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত ও সুষম উন্নয়নে কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগী ও তাদের স্বজনরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিসেস নাজমা আরা বারী, কালাই থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক টুকু চৌধুরী, প্রতিমন্ত্রীর এপিএস শওকত ওসমান শামীম, মো. তৌফিক হাসান বারী, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুত্তারুল আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএসবি ও আরআইবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

