নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো খিদিরপুর এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তার ফুপাতো বোন তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং তাদের খালা, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুফাচ্ছের ওরফে শুক্কুর আলীর মেয়ে সুমাইয়া আক্তার (১৩)।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তিন শিশু। দীর্ঘ সময় ধরে তারা ফিরে না আসায় বাড়ির এক শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তিনজনকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ফাতেমা ও আয়েশা স্থানীয় একটি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং সুমাইয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
একই পরিবারের তিন শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, একই পরিবারের তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকাকে শোকাহত করেছে। ঘটনার পর থেকে চর আহমদপুর গ্রামে শোকের আবহ বিরাজ করছে।

