রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও বেগবান করতে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ তেরখাদা শাখার উদ্যোগে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) তেরখাদা প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলায় এ সাহিত্য আসরের আয়োজন করা হয়।
গাঙচিল তেরখাদা শাখার সভাপতি কবি শরীফ ইমরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি গাজী জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিল জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জাহান মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক খান আখতার হোসেন, গাঙচিল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সমন্বয়ক মো. লিয়াকত আলী, রূপসা থানা শাখার সভাপতি শেখ মুনসুর রহমান, গাঙচিল তেরখাদা শাখার সাবেক সভাপতি কবি রত্ন সুধাংশু কুমার বিশ্বাস এবং সাবেক উপজেলা সমন্বয়ক প্রশান্ত কুমার বাছাড়। সাহিত্য আসরে কবিতা ও প্রবন্ধ পাঠের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীল চিন্তা, অনুভূতি ও সাহিত্যকর্ম তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও প্রবন্ধ পাঠ করেন কবি শেখ ইসমাইল হোসেন, কবি শেখ মহিউদ্দিন জাভেদ, লিপিকা পাত্র, সোনালী বসু, শিবপ্রসাদ সরকার, রাসেল বিশ্বাস, মো. শওকত আলী, তপতি বিশ্বাস, মো. আল-আমিন শরীফ, মোল্লা টিটাবুজ্জামান, ওয়ালিদ আহমেদ এবং মো. তৌহিদুল ইসলাম।
বক্তারা সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখা, নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতিমুখী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে সাহিত্যিকদের সৃজনশীল কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজনটি সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

