ফরিদপুর প্রতিনিধি
অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যে নিষিদ্ধ রং ও কেওড়া জল ব্যবহার এবং খাবার খোলা অবস্থায় রাখার দায়ে ফরিদপুরের সদরপুর উপজেলার একটি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৫ জুলাই) দুপুরে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ‘মমিনের হোটেল’-এর মালিককে এ অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
অভিযানকালে হোটেলটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যে নিষিদ্ধ রং ও কেওড়া জল ব্যবহার এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাবার খোলা অবস্থায় রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

