আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের দাড়ার খালের ইজারা বাতিল ও খাল অবমুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
রোববার (৫ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুল্যা ইউনিয়নের শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন কৃষক রবিউল ইসলাম, আবু মুছা, বাবু মোল্যা, মহিউদ্দীন লাকী, মুয়াজ্জিন আব্দুস সাত্তার, রেজাউল ইসলাম খোকা, আব্দুল গফুরসহ অন্যরা।
বক্তারা বলেন, আইতলা মৌজার প্রায় ২১ দশমিক ৭১ একর আয়তনের দাড়ার খাল দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। খালটির দুই পাশে প্রায় ৩ থেকে ৪ হাজার বিঘা কৃষিজমি রয়েছে, যেখানে ধান ও মাছ চাষের মাধ্যমে শত শত পরিবার জীবিকা নির্বাহ করে।
তাদের অভিযোগ, খালটি ইজারা নেওয়ার পর কিছু ব্যক্তি অবৈধভাবে মাটির বাঁধ ও নেটপাটা দিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছেন। ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এতে ঘরবাড়ি, ফসল ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।
বক্তারা আরও বলেন, গত বছর এলাকাবাসী প্রশাসনকে অবহিত করার পর পানির চাপ বাড়লে স্থানীয়রা বাঁধ কেটে পানির প্রবাহ স্বাভাবিক করেন। এরপর কৃষিজমিতে ভালো ফলন হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এবারও একই ধরনের দুর্ভোগ এড়াতে খালটি অবমুক্ত রাখার দাবি জানানো হচ্ছে।
মানববন্ধন শেষে জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মিজ কাওছার আজিজের কাছে স্মারকলিপি প্রদান করেন।

