রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনা রেঞ্জ পুলিশের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। বর্তমান ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করে তার স্থলে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন ও বদলির আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বিএমপি কমিশনার এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
খুলনা রেঞ্জে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর মো. রেজাউল হক শিল্পাঞ্চল পুলিশের দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে বরিশাল রেঞ্জে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে মো. মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জের দায়িত্ব নিতে যাচ্ছেন।
সংশ্লিষ্টদের মতে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এ রেঞ্জে নতুন নেতৃত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

