Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে একটি ফিলিং স্টেশনের ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা ও ব্যবসায়িক হিসাব চাইতে গেলে ব্যবসায়ী মো. বদরুদ্দোজা হায়দারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সোহেল রানা, আলাল ও লিখন মিয়াকে আসামি করে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত ব্যবসায়ী।

অভিযোগে বলা হয়, অভিযুক্তদের সঙ্গে অভিযোগকারীর প্রায় ১৫ বছরের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তাদের যৌথ মালিকানায় ত্রিশালের বাগান এলাকায় একটি ফিলিং স্টেশন পরিচালিত হয়ে আসছে। অভিযোগকারীর দাবি, প্রধান অভিযুক্ত সোহেল রানা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের হিসাব না দিয়ে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন। পাশাপাশি তাকে ফিলিং স্টেশনে প্রবেশ করতেও বাধা দেওয়া হয়।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে পাওনা টাকা ও ব্যবসায়িক হিসাব চাইতে ফিলিং স্টেশনে গেলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ধারালো রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে তার বাম পায়েও কোপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে, যা তদন্তে সহায়ক হতে পারে। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সোহেল রানা। তিনি বলেন, অভিযোগকারী প্রতিষ্ঠানের মালিক নন। ঘটনার দিন তিনি তার নির্মাণাধীন প্রতিষ্ঠানে এসেছিলেন। কী ঘটেছে, তা কেয়ারটেকার, ম্যানেজার ও উপস্থিত অন্যরা দেখেছেন। তিনি আরও বলেন, অভিযোগকারী তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন, তিনিও পাল্টা অভিযোগ দিয়েছেন। এছাড়া অভিযোগকারী এর আগেও ফিলিং স্টেশনসংক্রান্ত বিষয়ে ইউএনও ও র‍্যাব কার্যালয়ে একাধিক অভিযোগ করেছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।