বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা হিন্দু কল্যাণ সমিতির সভাপতি রমেশ চন্দ্র রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু এবং বকশীগঞ্জ মডেল ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন।
এ ছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি রোধে প্রশাসনের পাশাপাশি প্রতিটি নাগরিককে সচেতন থাকতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করারও আহ্বান জানান তারা।
সভায় পারস্পরিক সহনশীলতা, সম্প্রীতি ও দায়িত্বশীল নাগরিক আচরণের মাধ্যমে একটি নিরাপদ ও গুজবমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

