স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ (প্যাকেজিং রেজিস্ট্রেশন) ছাড়া ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুলাই) বিকেলে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রামনগর এলাকার ‘তাহমিদ ড্রিংকিং ওয়াটার’ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা এবং নড়াগাতী থানার পাকুড়িয়া এলাকার ‘আল আমিন ড্রিংকিং ওয়াটার’ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বিএসটিআইয়ের যশোর আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক রাকিব ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস বলেন, পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করায় দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

