শাহীন আহমেদ, ভেদরগঞ্জ প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দুর্যোগ মোকাবিলা, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী মাঠ মহড়া ‘পদ্মা পাড়ের জীবন যুদ্ধ’ অনুষ্ঠিত হয়েছে।
উত্তর তারাবুনিয়া ইউনিয়নের আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এ কর্মসূচির আয়োজন করে।
মাঠ মহড়ায় বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয়, আগাম প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, সামাজিক সুরক্ষা কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় বাস্তবধর্মী উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা উদ্ধার কার্যক্রম, নিরাপদ আশ্রয় গ্রহণ, ত্রাণ ব্যবস্থাপনা এবং সমন্বিত উদ্যোগের গুরুত্ব সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউএফপি (WFP)-এর তাসনিম তাবাসসুম, এসডিএসের প্রকল্প কর্মকর্তা মো. হাসান আহমেদ, ডেপুটি ডিরেক্টর মো. সাফওয়াত হোসেন, ভেদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আমির হোসেন, সখিপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন সরকার, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আহমেদ, সহকারী শিক্ষক কিসমত আলী এবং সখিপুর থানা ছাত্রদলের নেতা ইমরান সরকার।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পদ্মা নদী তীরবর্তী জনগোষ্ঠীকে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং দুর্যোগ মোকাবিলায় তাদের প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি করাই এ মাঠ মহড়ার মূল উদ্দেশ্য। তাদের আশা, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

