কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পারিবারিক কলহের জেরে বর্ণা খানম (২৮) নামে এক গৃহবধূকে হত্যা করে মরদেহ গুমের চেষ্টার অভিযোগে তার স্বামী আল আমিন ব্যাপারী ওরফে আল আমিনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আল আমিন ফরিদপুরের কোতোয়ালি থানার রঘুনন্দপুর গ্রামের নুর ইসলাম ব্যাপারীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে কাশিয়ানী উপজেলার ধানকাড়া দক্ষিণপাড়া গ্রামের মিজানুর রহমান মুন্সীর মেয়ে বর্ণা খানমের সঙ্গে আল আমিনের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আল আমিন প্রায়ই স্ত্রীকে গালিগালাজ ও মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।
গত ৪ জুলাই বর্ণা খানম স্বামী ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। এরপর ৬ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে আল আমিন স্ত্রীকে বাড়ির পেছনের পুকুরপাড়ে ডেকে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে হত্যা করে মরদেহ পানিতে ফেলে রেখে পালিয়ে যান।
পুলিশ জানায়, পালিয়ে যাওয়ার সময় আল আমিনের ভেজা লুঙ্গি, গামছা ও গেঞ্জি দেখে তাদের ছেলে ইসরাফিল সন্দেহ করে চিৎকার দিলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বর্ণা খানমের গলায় ওড়না পেঁচানো মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের মা বেইলি বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে হাজির করার পর তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।”

