বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদক নির্মূল, রাস্তা-ঘাটের উন্নয়ন এবং উপজেলার সার্বিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর নেতৃবৃন্দ।
সোমবার (৭ জুলাই) বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসেবামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর এবি পার্টির সদস্য সচিব মো. গোলাম রাব্বি, বাবুগঞ্জ উপজেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক শাকিল হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনায় নেতৃবৃন্দ উপজেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জনস্বার্থে উত্থাপিত যৌক্তিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

