গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন। প্রায় ২১ মাস কারাগারে থাকার পর বুধবার (৮ জুলাই) তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
কারা কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের অক্টোবরে ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় দায়ের হওয়া একাধিক মামলায় তিনি কারাগারে ছিলেন।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবু ইউসুফ বলেন, হারিছুর রহমানের বিরুদ্ধে থাকা ১০টি মামলার মধ্যে আটটিতে স্থানীয় আদালত থেকে জামিন পান। বুধবার বাকি দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিনের আদেশ আসে। পরে গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স পাওয়ার পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
গৌরনদী কোর্টের জিআরও বেলাল হোসেন বলেন, হাইকোর্ট থেকে জামিন হওয়ায় এ বিষয়ে তার কাছে আনুষ্ঠানিক তথ্য নেই। তবে তিনি শুনেছেন যে হারিছুর রহমান জামিন পেয়েছেন।
অন্যদিকে, হারিছুর রহমানের জামিনে মুক্তির খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের প্রতিক্রিয়া দেখা যায়। কয়েকজন বিএনপি নেতা তার বিরুদ্ধে অতীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ তুলে জামিনে মুক্তির সমালোচনা করেন।

