পঞ্চগড় প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু সাইম, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, কারিগর পঞ্চগড়ের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেনসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা পঞ্চগড়ে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড প্রতিরোধে জেলা প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, পঞ্চগড়ের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই। দূষণমুক্ত পঞ্চগড় গড়ে তুলতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। এ কাজে পরিবেশবাদী সংগঠনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ প্রশাসন সবসময় সক্রিয় রয়েছে এবং দূষণরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ক্রেস্ট বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলেও এবার ঈদুল আজহার ছুটির কারণে পঞ্চগড়ে দিবসটির আনুষ্ঠানিক আয়োজন ৯ জুলাই অনুষ্ঠিত হয়।

