ফেনী প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “বিএনপি সরকার ক্ষমতায় এসে মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে হ্যারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে।” তিনি সরকারের বিদ্যুৎ, দ্রব্যমূল্য, দুর্নীতি, মাদক ও বেকারত্বসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দলের মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, আগে বিদ্যুৎ মাঝে মাঝে যেত, এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎমন্ত্রী বাস্তব পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য দিচ্ছেন না। তিনি আরও বলেন, দেশে এখনও মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি, দ্রব্যমূল্যও কমেনি এবং বেকারদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।
তিনি দাবি করেন, এনসিপি চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পরিবর্তন চেয়েছিল, কিন্তু সেই পরিবর্তন এখনও আসেনি। একই সঙ্গে তিনি বলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ থাকলে তা প্রকাশ করার আহ্বান জানাচ্ছেন এবং এক টাকার দুর্নীতিও প্রমাণ করা যাবে না বলে দাবি করেন।
গত বছরের বন্যার সময় সংগৃহীত ১২ কোটি টাকা প্রসঙ্গে তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে সংগৃহীত অর্থ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
সভায় উপজেলা এনসিপির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব শেহেরিন ইরা, কেন্দ্রীয় সদস্য দিলারা খানম, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য মহি উদ্দিন রনি প্রমুখ।
এদিকে, হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দুই দফা হাতাহাতির ঘটনা ঘটে। প্রথম দফা সোনাগাজীতে পদযাত্রার উদ্বোধনী মঞ্চে এবং দ্বিতীয় দফা সন্ধ্যায় ফেনী শহরে দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এর আগে হাসনাত আবদুল্লাহ ফেনীর ফুলগাজী উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ এবং সোনাগাজীর শহীদ আবদুর গণি বোরহানের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

