বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ কুতুবেরচর গ্রামে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১০ জুলাই) দুপুরে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী যুবরাল মিয়া বলেন, জীবিকার তাগিদে তিনি পরিবার নিয়ে ঢাকায় রিকশা চালান। তার স্ত্রীর নামে থাকা ১৮ শতাংশ জমির ওপর তাদের বসতঘর নির্মিত। দীর্ঘদিন ধরে ভাই নেহাল মিয়ার সঙ্গে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে।
তিনি অভিযোগ করেন, গত বুধবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে ভারী বৃষ্টির সুযোগ নিয়ে নেহাল মিয়া, হাছেন আলী, নুর হোসেন ও রেজাউল করিমের নেতৃত্বে একদল লোক তার বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের আসবাবপত্র ও মালামাল লুট করে নিয়ে যায়।
যুবরাল মিয়ার দাবি, হামলার পর অভিযুক্তরা তার বসতভিটা দখলেরও চেষ্টা করছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হাছেন আলী ও রেজাউল করিম। তাদের দাবি, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সত্য নয়।

