Nabadhara
ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে প্রকাশ্য সড়কে হামলায় যুবক নিহত

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জুলাই ১১, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় প্রকাশ্য সড়কে দুর্বৃত্তদের হামলায় জুয়েল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নিহত জুয়েল মিয়া লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের অটোরিকশাচালক মো. কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর ও বড়চারা এলাকার কয়েকজন যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, জুয়েল ওই বিরোধের সঙ্গে জড়িত ছিলেন না এবং নিরপরাধ হয়েও হামলার শিকার হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে এক বন্ধুর ডিমবোঝাই গাড়িতে করে আগরপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন জুয়েল। পথে বড়চারা বাজার থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে পশ্চিম আব্দুল্লাহপুর যাওয়ার মোড়ে পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। পরে জুয়েলকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের বাড়ি ও আশপাশের এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।