কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন।
রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ব্যাসপুর বাজারের মজিবর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে মাসুদ শেখের এসএস পাইপ ও লোহার ওয়ার্কশপ, আসলামের জ্বালানি তেলের দোকান, ইনামুলের মাইক সার্ভিস, মাহফুজ মেকারের দোকান এবং আখের আলীর মুদি দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদ শেখের ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের জ্বালানি তেলের দোকানসহ আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কাশিয়ানী ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ রেজাউল মাওলা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

