বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাহাড়ি ঢলের কারণে জিঞ্জিরাম নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৩৫ বিজিবি।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পাথরের চর এলাকায় জামালপুর ৩৫ বিজিবির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি মুড়ি, লবণ, স্যালাইন, গ্যাস লাইট ও মোমবাতি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
এসময় ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির অন্যতম মানবিক দায়িত্ব। দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

