নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার জারি করা এক সরকারি আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির পাঠানো ডিও লেটারের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য কমপ্লেক্সটির শয্যা সংখ্যা বৃদ্ধির অনুমোদন দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নির্বাচনী এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে তিনি এ বিষয়ে উদ্যোগ নেন।
এতদিন নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমিত শয্যা থাকায় জটিল রোগে আক্রান্ত অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ বা ঢাকায় যেতে হতো। এতে সময় ও অর্থ—উভয় দিক থেকেই সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হতো।
স্থানীয়দের প্রত্যাশা, স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত হওয়ায় চিকিৎসাসেবার পরিধি বাড়বে এবং এলাকার মানুষ আরও উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পাবেন। এতে রোগীদের চিকিৎসা ব্যয় ও দূরবর্তী হাসপাতালে যাওয়ার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে।
নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি ও মানবাধিকারকর্মী সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল বলেন, “এটি নান্দাইলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বৃদ্ধির সরকারি অনুমোদন এলাকায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

