ফরিদপুর প্রতিনিধি
পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বৈষম্য দূরীকরণসহ পাঁচ দফা দাবিতে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে সরকারি রাজেন্দ্র কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। মিছিল শেষে ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে তারা বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টির অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্রের অতিরিক্ত কঠিনতা, পরীক্ষাকেন্দ্রে অযৌক্তিক কড়াকড়ি, বন্যা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে বৈষম্য এবং উত্তরপত্র মূল্যায়ন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— প্রশ্নপত্রের জটিলতা কমানো ও পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত কড়াকড়ি বন্ধ, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের যৌক্তিক ব্যাখ্যা প্রদান, মানবিক ও শিক্ষার্থীবান্ধব উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করা, পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়ে ফলাফল মূল্যায়নের সময় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নেওয়া এবং শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সমাবেশে ছাত্র প্রতিনিধিরা অভিযোগ করেন, পরীক্ষা ও মূল্যায়নের নামে শিক্ষার্থীদের ওপর অমানবিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচি শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে আগামী বুধবারও সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

