নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে বুধবার (১৫ জুলাই) দায়িত্ব গ্রহণ করেছেন। কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্রির পরিচালক (গবেষণা) (রুটিন দায়িত্ব) এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ড. রফিকুল ইসলাম ১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ব্রিতে যোগদান করেন। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৭১ সালে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৯২ সালে বিএসসি (এজি) ডিগ্রি অর্জনের পর ২০০৩ সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএস এবং ২০১২ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
বর্তমানে তিনি জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (এনএআরএস)-এর আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলোর অন্যতম জ্যেষ্ঠ মৃত্তিকা বিজ্ঞানী। দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য বৈজ্ঞানিক সাময়িকীতে তার ৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
গবেষণার কাজে তিনি যুক্তরাজ্য, জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, সিঙ্গাপুর ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
ব্যক্তিগত জীবনে ড. মো. রফিকুল ইসলাম দুই সন্তানের জনক।

