নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে টঙ্গীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গাজীপুর সিটি করপোরেশন পরিচালিত টঙ্গী স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আব্দুল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, টঙ্গী জোনের নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আবুল হাশেম, শফিউদ্দিন শফী এবং আব্দুর রহিম কালা।
প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সম্প্রতি টঙ্গীর মিলবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

