নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে মাঠে নেমেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে তিনি সিটি কর্পোরেশনের কাশিমপুরসহ বিভিন্ন জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় পানিবন্দী পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং দুর্যোগ মোকাবিলায় সিটি কর্পোরেশনের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
শওকত হোসেন সরকার বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। সিটি কর্পোরেশন ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য সিটি প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।

