দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া শহরে পান কিনতে পাঠিয়ে এক কিশোর ভ্যানচালকের একমাত্র উপার্জনের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে কিশোর ভ্যানচালক রাজ (১৪) ও তার পরিবার।
রাজ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাহাদুরের ছেলে। অসুস্থ বাবার সংসারের হাল ধরতে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে পরিবারের চার সদস্যের ভরণপোষণের দায়িত্ব নিয়েছে সে।
রাজ জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে ভেড়ামারা থেকে এক ব্যক্তি মালামাল আনার কথা বলে তার ভ্যান ভাড়া করেন। পরে বিভিন্ন স্থান ঘুরিয়ে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে কৌশলে তাকে একটি দোকান থেকে পান কিনে আনতে বলেন। রাজ পান কিনে ফিরে এসে দেখে যাত্রী এবং ভ্যান—দুটোই উধাও। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের কোনো সন্ধান মেলেনি।
রাজের বাবা বাহাদুর জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় নিজে কাজ করতে পারেন না। সংসারে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তাদের জীবন চলে। অর্থাভাবে বড় ছেলে রাজের পড়াশোনা বন্ধ হয়ে যায়। বর্তমানে রাজের ভ্যান চালানোর আয়েই পরিবারের খরচ চলে।
তিনি আরও জানান, স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলেন। প্রতি সপ্তাহে ঋণের কিস্তি পরিশোধ করতে হয়। এখন ভ্যান হারিয়ে যাওয়ায় সংসার চালানো এবং ঋণের কিস্তি পরিশোধ করা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে শনাক্ত ও ভ্যান উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

