খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সিনিয়র সদস্য সচিব ও উপজেলা কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচিকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের সভাস্থল পরিদর্শনে শনিবার সকাল ১১টার দিকে খালিয়াজুরী উপজেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সংলগ্ন মাঠ পরিদর্শন করেন এনসিপির নেতারা। পরিদর্শন শেষে উপজেলা বালুরচর এলাকার একটি রেস্টুরেন্টে অবস্থানকালে মুশফিকুর রহমানের ওপর হামলা চালানো হয়।
হামলার পর স্থানীয় নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়।
মুশফিকুর রহমান বলেন, “হামলাকারীদের আমি চিনতে পারিনি। বিষয়টি খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোনে জানিয়েছি।”
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, “খবর পেয়ে এসআই নাজমুল হাসানকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মুশফিকুর রহমানের বাম হাতে সামান্য আঘাত লেগেছে। চিকিৎসা শেষে তাকে নেত্রকোনায় পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মুশফিকুর রহমান জানান, আগামী ২৪ জুলাই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতাদের নেত্রকোনা সদর ও খালিয়াজুরী সফরের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবেই তারা সভাস্থল পরিদর্শনে এসেছিলেন।
সভাস্থল পরিদর্শনের সময় নেত্রকোনা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক জামিল ফয়েজী এবং সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির নেতা-কর্মীরা।

