শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের অধীন সুন্দরবন সাব-সেক্টরের যুদ্ধকালীন সিনিয়র কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ও শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক মো. নজরুল ইসলাম লাল আর নেই।
শনিবার (১৮ জুলাই) ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রীকে হারানোর মাত্র ১০ দিনের মাথায় তিনিও না-ফেরার দেশে পাড়ি জমালেন। নিঃসন্তান এই দম্পতির মৃত্যুর মধ্য দিয়ে তাদের পরিবারের কোনো উত্তরসূরি আর রইল না।
নজরুল ইসলাম লাল দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক এবং পরবর্তীতে উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেন।
রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের কাছে তিনি একজন সাদামাটা, সদালাপী, সমাজহিতৈষী ও ‘সাদা মনের মানুষ’ হিসেবে পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে তাঁর অবদান স্থানীয়ভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
তাঁর মৃত্যুতে শরণখোলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল, রাজনৈতিক সহকর্মী এবং সর্বস্তরের মানুষ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

