শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রধানমন্ত্রীর ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়ী-মচন্দপুর ইসলামিয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে চিংগড়ী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি মো. খসরুল আলম শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এছাড়া তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে মাদ্রাসার জন্য নারকেল ও সুপারির চারা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মুনজুরুল আলম, অধ্যক্ষ হাফেজ ইসরাফিল শেখ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতি মো. খসরুল আলম বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষপ্রেম জাগিয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

