মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে গলায় রশি বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহত পলাশ বিশ্বাস ভবানীপুর গ্রামের বাসিন্দা এবং অভয়নগরের আল হেলাল ইসলাম একাডেমি হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তার স্ত্রীও খুলনার ফুলতলা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের এক কলেজপড়ুয়া ছেলে ও বৃদ্ধা মা রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ২০০২ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন পলাশ বিশ্বাস। পরিবারে দৃশ্যমান কোনো অশান্তি না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে (ডিপ্রেশন) ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। তবে তার মানসিক অবসাদের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কেউ নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, এ ঘটনায় মনিরামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

