স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ উজির আলীকে (৫০) ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের অফিস সহকারী রাকিব হোসেন অন্তরের বিরুদ্ধে। রোববার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত উজির আলী লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে। তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন অভিভাবক শিক্ষার্থীদের বেতন পরিশোধ করতে বিদ্যালয়ে যান। এ সময় অফিস সহকারী রাকিব হোসেন অন্তর বেতন গ্রহণ না করে কয়েকজন অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক উজির আলী অফিস সহকারীর কাছে কারণ জানতে চান। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে প্রধান শিক্ষক কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় অফিস সহকারী ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করেন বলে অভিযোগ।
সহকর্মীরা দ্রুত আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী জানান, প্রধান শিক্ষকের হাত, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
অভিযুক্ত অফিস সহকারী রাকিব হোসেন অন্তর ঘটনার পর থেকে পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

