আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান। এতে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি, জাতিসংঘের শিশু অধিকার সনদ (ইউএনসিআরসি) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর আলোকে ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদাপূর্ণ শৈশব নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা ইউনিয়ন পরিষদের সদস্য আজগার আলী, ইউপি সদস্যা রেহেনা পারভিন এবং কুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিরিনা রসুল।
অনুষ্ঠানে ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে ভিডিএস সদস্য, সিএল মনিটরিং কমিটি, সিবিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শেষে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

