নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং দায়ী শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুস সালাম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস চলাকালে চতুর্থ শ্রেণিকক্ষে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। এ সময় কয়েকজন শিক্ষার্থী আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাইতে শুরু করে। পরে শিক্ষক আব্দুস সালাম শ্রেণিকক্ষে এসে বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এতে শ্রেণিকক্ষে উপস্থিত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন আহত হয়।
শিক্ষার্থীদের দাবি, শিক্ষক আব্দুস সালাম আর্জেন্টিনা দলের সমর্থক। তারা আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করেন।
ঘটনার পর বুধবার সন্ধ্যায় বিদ্যালয়সংলগ্ন নারচী মোড়ে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে শিক্ষক আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের মারধরের ঘটনায় তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। বিষয়টি অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন বলেও জানান।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছানাউল হাবিব বলেন, বিষয়টি তার জানা ছিল না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

