জাবিপ্রবি প্রতিনিধি
রাজনৈতিক বিবেচনায় যত্রতত্র নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিবর্তে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোকে পূর্ণাঙ্গ আবাসিক ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, পর্যাপ্ত বাজেট ও অবকাঠামো ছাড়া একটি বিশ্ববিদ্যালয় তার প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে পারে না।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) জামতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে জাবিপ্রবি শাখা জাতীয় ছাত্রশক্তি।
বক্তব্যে সারজিস আলম বলেন, “প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য মাত্র দুটি আবাসিক হল, যেখানে ৩৫০ জনেরও থাকার ব্যবস্থা নেই। বাকিদের মেসে থাকতে হয়। যে ক্যাম্পাস বিকেল ৫টার পর জনশূন্য হয়ে যায়, সেটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বলা যায় না।”
তিনি বর্তমান সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, “জেলায় জেলায় রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিযোগিতা না করে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। শতাধিক বিশ্ববিদ্যালয় থাকলেও যদি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা না হয়, তবে সেই সংখ্যার কোনো মূল্য নেই। বছরে মাত্র ৫০ কোটি টাকার বাজেটে একটি বিশ্ববিদ্যালয়কে মানসম্মত করা সম্ভব নয়।”
রাজনৈতিক জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে সারজিস আলম বলেন, “যে দলই ক্ষমতায় থাকুক, তাদের ভালো কাজের প্রশংসা এবং ভুলের সমালোচনা করার সাহস থাকতে হবে। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলেরও যৌক্তিক সমালোচনা করা যাবে না—এমন মনোভাব গণতন্ত্রের জন্য ক্ষতিকর। সমালোচনা করতে না পারলে অন্য নামে, অন্য রূপে আবারও স্বৈরাচার তৈরি হবে।”
তিনি আরও বলেন, দেশের মেধাবী তরুণদের অন্যায় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। পাশাপাশি শুধু পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক চর্চা, মুক্ত আলোচনা ও সমসাময়িক বিষয় নিয়ে যুক্তিনির্ভর বিতর্কের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
জাবিপ্রবি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক লিটন আকন্দের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং এনসিপির কেন্দ্রীয় স্বাস্থ্য কমিটির সদস্য নাহিদা বুসরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাবিপ্রবি শাখা জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিফুল ইসলাম শরীফ।
এ সময় জাবিপ্রবি শাখা ছাত্রশক্তির সদস্যসচিব মামুনুর রশীদ, মুখ্য সংগঠক মনির আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসান, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সজীব ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃয়ন্দ উপস্থিত ছিলেন।

