কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিতর্ক সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি আব্দুর রহমান আস সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওইউডিএসের বাংলা বিতর্কের সাবেক সহ-সভাপতি শাকিল আহমেদ সবুজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের (জুডো) সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা।
কর্মশালায় শাকিল আহমেদ সবুজ বলেন, “সিওইউডিএস নিয়মিত নবীনবরণ ও বিতর্ক কর্মশালার আয়োজন করে আসছে। এবারের কর্মশালায় নবীন শিক্ষার্থীদের এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের বেসিক থেকে অ্যাডভান্স পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নবীনদের আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা আশা করি, তারা ভবিষ্যতে দেশ-বিদেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।”
বিশেষ অতিথি জাহিদুল ইসলাম বলেন, “বিতর্ক একজন শিক্ষার্থীকে যুক্তিবাদী, বিশ্লেষণধর্মী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। একজন বিতার্কিক কোনো বিষয়কে একপাক্ষিকভাবে না দেখে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে এবং যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করে।”
সভাপতির বক্তব্যে আব্দুর রহমান আস সাদী বলেন, “বিতর্ক সংগঠন শুধু ভালো বক্তা নয়, বরং চিন্তাশীল, দায়িত্বশীল ও নেতৃত্বগুণসম্পন্ন মানুষ গড়ে তোলার ক্ষেত্র। আমরা চাই নবীন শিক্ষার্থীদের মধ্য থেকেই এমন বিতার্কিক তৈরি হোক, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে সুনাম অর্জন করবে।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিতর্কের বিভিন্ন কৌশল, যুক্তি উপস্থাপন এবং এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের মৌলিক ও উন্নত ধাপ সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

