শেরপুর (বগুড়া) প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ-২০২৬’। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা ও আবৃত্তিশিল্পী ইফতেখার আলম ফরহাদ।
আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িক দর্শন এবং বাংলা ভাষা-সংস্কৃতিতে তাঁর অনন্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা নজরুলের সাম্য, মানবিকতা, সম্প্রীতি ও সৃষ্টিশীল আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক ও লোকগবেষক ইমরান উজ জামান, বীর মুক্তিযোদ্ধা, রম্যলেখক ও লোকগবেষক মালিক খসরু, কথাসাহিত্যিক ও লিমেরিক কবি মনজুর উল হক এবং সাংস্কৃতিক সংগঠক মো. ইকবাল হাসান তপু।
পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন। আবৃত্তি পরিবেশন করেন পি. এম. সালমান, আস সামি, সিজদা ইসলাম, মেহরিমা তাছনিম আলভি ও ইফতেখার আলম ফরহাদ। একক সংগীত পরিবেশন করেন আয়েশা সিদ্দিকা অনন্যা, সেলিনা সুলতানা লিখন, আরিফাতুল আজাদ প্রীতি ও খন্দকার সোহেল। নৃত্য পরিচালনা করেন প্রশিক্ষক মো. তিতুমীর।
এছাড়া আমন্ত্রিত শিল্পীদের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট পুষ্টিবিদ ও আবৃত্তিশিল্পী নাজিয়া আফরিন। নজরুলসংগীত পরিবেশন করেন তাপসী রায় এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী সাইফুল ইসলাম বাবু।
অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী নাবিহা ফেরদৌস রিথি, দ্বিতীয় স্থান অর্জনকারী জুহি ইসলাম এবং তৃতীয় স্থান অর্জনকারী বিপাশা সাহার হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান বাবু। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংস্কৃতিপ্রেমী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।

