Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

কুবি প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসামগ্রী সহজলভ্য করার লক্ষ্যে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ফয়জুল করিম মেডিকেল বক্সটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করেন। এ সময় সংগঠনের নেতাকর্মী ও বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল বক্সে নাপা, প্যারাসিটামল, ফ্লাজিল, অমিডন, গ্যাস্ট্রিকের ওষুধসহ বিভিন্ন জরুরি ওষুধ রাখা হয়েছে। এছাড়া থার্মোমিটার, ব্যান্ডেজ, তুলা, হেক্সিসলসহ প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ সংরক্ষণ করা হয়েছে।

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. সাকিব হোসেন বলেন, “এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য ইসলামী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ। শুধু একটি হলে নয়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও বিভাগেই ফার্স্ট এইড বক্স থাকা উচিত। জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে এটি অত্যন্ত কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতিমুক্ত ক্যাম্পাসের নীতির প্রতি সম্মান জানিয়ে বক্সে দলের নাম ব্যবহার না করে জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমের নামে এটি স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অনুসরণীয়।”

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন ইফতি বলেন, “জুলাই অভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ছিলেন আব্দুল কাইয়ুম। তাঁর আত্মত্যাগ ও আদর্শকে স্মরণীয় করে রাখতেই বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের জন্য ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “হলে অবস্থানরত শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হলে বা জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সংগ্রহের জন্য অনেক দূরে যেতে হয়। বিশেষ করে রাতের বেলায় ফার্মেসি বা মেডিকেল সেন্টার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়। সেই বাস্তবতা বিবেচনায় সম্পূর্ণ মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ হিসেবে এই মেডিকেল বক্স স্থাপন করা হয়েছে। এখানে নিয়মিত প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংরক্ষণ করা হবে, যাতে শিক্ষার্থীরা দ্রুত প্রাথমিক সেবা নিতে পারেন।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ উদ্যোগ ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টদের মতে, আবাসিক হলগুলোতে এ ধরনের মেডিকেল বক্স স্থাপন শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।