নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরে সড়ক দুর্ঘটনায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আ.ত.ম ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন তিনি। পথে দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে আসা একটি বিআরটিসির যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে যাওয়ার পর দুর্ঘটনাটি ঘটে এবং বাসচালকের অবহেলার বিষয়টি তারা দেখেননি।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

