বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের ব্রাহ্মন্দিয়া গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সকালে পৈতৃক জমিতে ধান রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন মাহবুবুর রহমান, আবু নাঈম, নিলুফা বেগম ও আব্দুল খালেক মোল্লা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী ফারুক হোসেন মোল্লা ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে জমিতে ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয় এবং পরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
মামলার বাদী মো. জসীম উদ্দিন অভিযোগ করেন, সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ দোকানে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে চারজনকে গুরুতর আহত করে।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। নামীয় আসামিরা হলেন রিয়াজ হাওলাদার, আমিনুল ইসলাম, আবির হাওলাদার, রানী বেগম, মিরাজ হোসেন, রিপা বেগম, শাহজাহান হাওলাদার, ফারুক হোসেন মোল্লা ও মনোয়ারা বেগম।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “ঘটনার অভিযোগ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

