Nabadhara
ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাংবাদিকদের মৌলিক সাংবাদিকতা ও নৈতিক প্রতিবেদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ২, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিক প্রতিবেদন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল কনভেনশন হলে জেলা প্রশাসন, গাজীপুর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৮০ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালার শুরুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার হাতে জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্যপদের সনদ তুলে দেন। সম্মাননা গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, এ স্বীকৃতি তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে এবং সাংবাদিক সমাজের এ ভালোবাসা তিনি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবেন।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় তিনি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু অধিকার, শিশুশ্রম, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা তৈরিতে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো. কামাল উদ্দিন সবুজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও মানবকণ্ঠের সম্পাদক মো. শহিদুল ইসলাম। প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, “একসময় সাংবাদিকরা জনসাধারণের ভুল খুঁজতেন, এখন জনসাধারণ সাংবাদিকদের ভুল খুঁজছে। তাই সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবাশীষ রঞ্জন সরকার সাংবাদিকতার পেশাদারিত্ব, নৈতিকতা, সততা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বিষয়ে একটি উপস্থাপনা করেন।

বক্তারা বলেন, সত্যনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজে সত্য প্রতিষ্ঠা করে এবং জনগণের আস্থা বজায় রাখে। শিশু ও নারীর অধিকারবিষয়ক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সংবেদনশীলতা, তথ্য যাচাই এবং ভুক্তভোগীর মর্যাদা রক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

কর্মশালায় সাংবাদিকতার মৌলিক নীতিমালা, নৈতিক প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য যাচাই, শিশু সুরক্ষা, শিশুশ্রম ও বাল্যবিবাহবিষয়ক আইন এবং গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে জাতীয় পর্যায়ের সাংবাদিক নেতারা তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে উত্তর দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ‘ভালো কাজের ভালো মানুষ’ উদ্যোগের অংশ হিসেবে গাজীপুরের তিনটি মানবিক ও সামাজিক উদ্যোগ নিয়ে নির্মিত তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। আয়োজকরা জানান, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার বিকাশ এবং শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।